কাঞ্চন-শ্রীময়ীর সংসারে আবার খুশির হাওয়া, কন্যাসন্তানের পর জন্ম নিল পুত্র কৃষিভ
টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের পরিবারে এলো নতুন সদস্য। কন্যা কৃষভির জন্মের ১৯ মাসের মাথায় এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে পুত্রসন্তান।
টলিউড অঙ্গনে আবারও আনন্দের জোয়ার। দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাদের প্রথম সন্তান কন্যা কৃষভির পর এবার তাদের কোল আলো করে এসেছে এক একরত্তি পুত্রসন্তান। নতুন অতিথির আগমনে তারকা দম্পতির সংসার এখন পরিপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির বার্তা
শনিবার সামাজিক মাধ্যমে এক যৌথ পোস্টের মাধ্যমে এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কাঞ্চন ও শ্রীময়ী। ফটোশুটের একটি বিশেষ ছবি পোস্ট করে তারা জানান, নতুন সন্তানের আগমনে তাদের পরিবার এখন তিন থেকে চারে পরিণত হয়েছে। জানা গেছে, কৃষ্ণ নামের সঙ্গে মিল রেখে নবজাতক ছেলের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’।
পোস্টে তারা লেখেন, তাদের বাড়ি এবং হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে। কন্যা কৃষভির ছোট ভাই কৃষিভকে নিজেদের জীবনে স্বাগত জানাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও আবেগপ্লুত।
গোপনীয়তা ও শুভকামনার ঢল
প্রথম সন্তান কৃষভির জন্মের সময় যেভাবে সব খবর আড়ালে রেখেছিলেন এই দম্পতি, এবারও সেই একই পথ অবলম্বন করেছিলেন তারা। সামাজিক মাধ্যমে এই সুখবর প্রকাশ্যে আসার পরপরই টলিউডের সহশিল্পী, বিশিষ্ট ব্যক্তি ও অনুরাগীদের পক্ষ থেকে ভালোবাসার বার্তা ও শুভকামনার ঢল নেমেছে। পরিবার সূত্রে জানা গেছে, মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।